গরমে দিনমান জলপান

আমাদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগই পানি এবং প্রতিদিনই এই পানির চাহিদা মেটাতে হয়। সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে আট গ্লাস পানি পান করার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। কিন্তু শারীরিক পরিশ্রমের ধরন ও কাজের পরিবেশ অনুযায়ী এর তারতম্য হতে পারে। ফাগুন পেরিয়ে আসন্ন চৈত্রের খরতাপের দিনগুলোতে শরীর ঠিকঠাক রাখতে নিয়মিত পর্যাপ্ত পানি পান করা জরুরি। দিনমান শরীরের পানির চাহিদা মেটানোর কিছু পরামর্শ তুলে ধরা হলো।

পানির রকমভেদ
গরমে পানির তৃষ্ণা মেটাতে অনেকেই ঠান্ডা পানি পান করতে চান। কিন্তু হালকা গরম পানি কিংবা ঘরের তাপমাত্রার সমান উষ্ণ পানি পান করাই ভালো। কেউ যদি ঠান্ডা পানি খেতেই চান তাহলে সরাসরি ঠান্ডা পানি না খেয়ে তা সাধারণ পানির সঙ্গে মিশিয়ে খান। আর হজমের সমস্যা থাকলে ঠান্ডা পানি শরীরের জন্য আরও খারাপ। বাড়িতে পানি বিশুদ্ধকরণ পদ্ধতির বিষয়ে সচেতন হোন। কাজে বেরোনোর সময় ব্যাগে পানির বোতল নিয়ে বের হোন, এতে যখন ইচ্ছে পানি পান করাটা সহজ হয়।

ভেজিটেবল জুস
গরমের দিনে এক ঢিলে দুই পাখি মারার দারুণ উপায় ভেজিটেবল জুস। একদিকে পানির চাহিদা মিটবে, আরেক দিকে শরীরে প্রয়োজনীয় পুষ্টির জোগানও হবে। গাজর, শসা, মৌরি, লেটুস পাতাসহ আপনার পছন্দের অনেক সবজিই জুস করে খাওয়ার অভ্যাস করতে পারেন। এসব জুসে হালকা করে লবণ, লেবু বা চিনিও মেশাতে পারেন। তবে, গাজরের মতো বেশি চিনিযুক্ত সবজি জুস করে খেলে তা নিয়মিত বিরতিতে খান, নইলে শরীরে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।

ফলের রস
সাধারণভাবে ফলের রস খাওয়ার চেয়ে সরাসরি ফল খাওয়াটাই ভালো। ফলের রসের শর্করা রক্তপ্রবাহে অপেক্ষাকৃত দ্রুতগতিতে মিশে যায়। তাই ফলের রসের সঙ্গে পানি মিশিয়ে একটু হালকা করে নিন। এক ভাগ ফলের রসের সঙ্গে দুই ভাগ পানি মিশিয়ে খেতে পারেন। এতে শরীরের পানির পাশাপাশি প্রয়োজনীয় পুষ্টির চাহিদাও মিটবে।

ভেষজ চা-সবুজ চা
বাড়ির পাশাপাশি আপনার কর্মক্ষেত্রেও নানা জাতের ভেষজ চা কিংবা সবুজ চা পানের ব্যবস্থা করে নিন। ক্যাফেইন-মুক্ত ভেষজ চা পানীয় হিসেবেও দারুণ। হালকা পানীয় হিসেবে এই চা একদিকে যেমন গরমে পানির চাহিদা মেটাবে, তেমনি শরীরটা চাঙা রাখতেও সহায়তা করবে।

সূত্রঃ প্রথম আলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Comments করার জন্য Gmail এ Sign in করতে হবে।